ব্যক্তিগত ডিভাইস, কম্পিউটার বা ল্যাপটপ অনেক সময় ঠিকমতো কাজ করে না। অচেনা কেউ তার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এই অবস্থায় বলা হয়, ডিভাইসটি ম্যালওয়্যার বা র্যানসমওয়্যার দ্বারা আক্রান্ত। এতে একটি ক্ষতিকর সফটওয়্যার পুরোপুরি ডিভাইসের দখল নিয়ে নেয়, ফলে ব্যবহারকারী তার ব্যক্তিগত কাজ করতে পারেন না। অনেক সময় নিয়ন্ত্রণকারী ডিভাইসের মালিকের কাছে টাকাও দাবি করে।
ম্যালওয়্যার কী?
ম্যালওয়্যার (Malware) হলো এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার, যা কম্পিউটার বা মোবাইলে প্রবেশ করে নানা রকম ক্ষতি করে। এর উদাহরণস্বরূপ:
- জরুরি ফাইল নষ্ট করে দেওয়া।
- পাসওয়ার্ড চুরি করা।
- ডিভাইসকে ধীরগতির করে তোলা।
- ব্যক্তিগত গোপন তথ্য চুরি করা।
ম্যালওয়্যারের ধরন
ম্যালওয়্যার বিভিন্ন ধরনের হয়। কয়েকটি উল্লেখযোগ্য:
ভাইরাস (Virus): অপারেটিং সিস্টেমের কার্যক্ষমতা ব্যাহত করার জন্য তৈরি। ডিভাইস আক্রান্ত হলে সিস্টেমের কার্যক্ষমতা হ্রাস পায় এবং ডেটা হারিয়ে যেতে পারে।
ট্রোজান (Trojan): ভালো সফটওয়্যার সেজে প্রবেশ করে তথ্য চুরি করে, ব্যবহারকারীদের উপর গুপ্তচরবৃত্তি করে বা আরও আক্রমণের সুযোগ তৈরি করে।
স্পাইওয়্যার (Spyware): গোপনে ব্যবহারকারীর কাজকর্ম ট্র্যাক করে।
র্যানসমওয়্যারকী?
র্যানসমওয়্যার(Ransomware) হলো ম্যালওয়্যারের একটি বিশেষ ধরন। এটি ব্যবহারকারীর সব ফাইল তালাবন্ধ করে দেয়। আক্রান্ত হলে ব্যবহারকারী তার ফাইলগুলো খুলতে পারেন না এবং একটি মেসেজ পান: “টাকা দিলে ফাইল ফিরে পাবেন”।
র্যানসমওয়্যার কীভাবে কাজ করে?
- ব্যবহারকারী কোনো ভুল লিংক বা ইমেইল অ্যাটাচমেন্টের মাধ্যমে আক্রান্ত হয়।
- র্যানসমওয়্যার সিস্টেমে প্রবেশ করে ফাইলগুলো এনক্রিপ্ট করে।
- মুক্তিপণ দাবি করে (সাধারণত বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সিতে)।
- টাকা দিলেও অনেক সময় ফাইল ফিরে পাওয়া যায় না।
কুখ্যাত র্যানসমওয়্যারের উদাহরণ
WannaCry: ২০১৭ সালে সারা বিশ্বে ব্যাপক ক্ষতি করেছিল।
LockBit: বড় কোম্পানিগুলোকে টার্গেট করে।
REvil: অত্যধিক টাকা দাবি করে।
ম্যালওয়্যার ও র্যানসমওয়্যারথেকে সুরক্ষার উপায়
সাধারণ ব্যবহারকারীদের জন্য
- অ্যান্টিভাইরাস ব্যবহার করুন: Windows Defender চালু রাখুন। প্রিমিয়াম অ্যান্টিভাইরাস যেমন Kaspersky, Bitdefender বা Norton ব্যবহার করুন।
- সন্দেহজনক লিংক ও ইমেইল এড়িয়ে চলুন: অপরিচিত ইমেইলের অ্যাটাচমেন্ট খুলবেন না। ডাউনলোডের আগে URL চেক করুন (যেমন: https:// থাকলে নিরাপদ)।
- সফটওয়্যার ও অপারেটিং সিস্টেম আপডেট রাখুন: Windows, macOS, Android, iOS নিয়মিত আপডেট করুন। Adobe Flash, Java এবং ব্রাউজার (Chrome/Firefox) আপডেট করুন।
- ডাটা ব্যাকআপ নিন: ক্লাউড স্টোরেজ যেমন Google Drive বা OneDrive ব্যবহার করুন। এক্সটার্নাল হার্ড ড্রাইভে নিয়মিত ব্যাকআপ রাখুন।
- শক্তিশালী পাসওয়ার্ড ও 2FA ব্যবহার করুন: পাসওয়ার্ডে অক্ষর, সংখ্যা ও চিহ্ন মিশিয়ে রাখুন। Gmail, Facebook, ব্যাংক অ্যাকাউন্টে Two-Factor Authentication (2FA) চালু করুন।
কোম্পানি বা প্রতিষ্ঠানের জন্য অতিরিক্ত সতর্কতা
- ফায়ারওয়াল ও নেটওয়ার্ক সিকিউরিটি ব্যবহার করুন।
- এমপ্লয়িদের ট্রেনিং দিন: এই বিষয়ে সচেতনতা বাড়ান।
- র্যানসমওয়্যার প্রোটেকশন টুলস ব্যবহার করুন: যেমন Acronis বা Malwarebytes।
ডিভাইস আক্রান্ত হলে যা করণীয়
- ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করুন (Wi-Fi বা ইথারনেট)।
- অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করুন।
- সিস্টেম রিস্টোর (System Restore) অপশন ব্যবহার করুন।
- পেশাদার সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞের সাহায্য নিন।
- মুক্তিপণ দিবেন না (এটি অপরাধীদের উৎসাহিত করে)।
ম্যালওয়্যার ও র্যানসমওয়্যারের আক্রমণ দিন দিন বেড়ে চলেছে। সচেতনতা এবং প্রযুক্তিগত সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করে আমরা এই ঝুঁকি কমাতে পারি। নিয়মিত সফটওয়্যার আপডেট, শক্তিশালী পাসওয়ার্ড এবং ডাটা ব্যাকআপ -এই তিনটি বিষয় মেনে চললে বেশিরভাগ আক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব।

